লাকসামের দৌলতগঞ্জ বাজারের মজুমদার কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে “লালটিপ বস্ত্র বিতান” সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। গত ২৪ অক্টোবর ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানটির সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান মালিক হাসান আহমেদ তালুকদার জানান, দোকানে থাকা বিভিন্ন ব্র্যান্ডের কাপড় ও শাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রায় ৪৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছেন। দোকান ও মূলধন উভয়ই হারিয়ে এখন তিনি দিশাহারা অবস্থায় আছেন। ঘটনার পর লালটিপ বস্ত্র বিতানের মালিক হাসান আহমেদ তালুকদার বিষয়টি নিয়ে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।